“UPI-তে চার্জ মানেই মূল্যবৃদ্ধি, ট্রাম্প-চাপের কাছে আত্মসমর্পণ!”— কেন্দ্রকে তোপ রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 15, 20268:32 pm
ডিজিটাল ভারতের প্রাণভোমরা ‘ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস’ বা UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর গুঞ্জন উঠতেই জাতীয় রাজনীতি তোলপাড়। ২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট পেমেন্টে এই ফি বসানোর নীতিগত অবস্থানের তীব্র বিরোধিতা করে কেন্দ্রকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সাফ দাবি— মার্কিন বাণিজ্যিক চাপ সামলাতে না পেরেই আমজনতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিকিয়ে দিয়েছে মোদী সরকার।
পরিসংখ্যান ও মূল্যের সমীকরণ সরকারের যুক্তি, ২,০০০ টাকার বেশি লেনদেনের সংখ্যা মোটের ওপর মাত্র ৫ শতাংশ। তবে রাহুল গান্ধী পাল্টা হিসাব তুলে ধরে জানান, সংখ্যার বিচারে ৫ শতাংশ হলেও দেশের মোট UPI অর্থপ্রবাহের প্রায় ৬৫ শতাংশই এই বড় অঙ্কের লেনদেনের দখলে। ফলে এখানে চার্জ বসানো মানে দেশের সামগ্রিক অর্থনীতিতেই বড়সড় প্রভাব পড়া।
ঘুরপথে পকেট কাটবে আমজনতার MDR সরাসরি ব্যবসায়ীদের ওপর ধার্য হলেও রাহুলের দাবি, ব্যবসার বাড়তি খরচ সামলাতে বিক্রেতারা শেষমেশ জিনিসপত্রের দামই বাড়াবেন। ফলে সরকারের ‘গ্রাহকদের ওপর প্রভাব পড়বে না’—এই যুক্তি ধোপে টেকে না; অতিরিক্ত খরচের বোঝা পরোক্ষভাবে সাধারণ মানুষের পকেট থেকেই খসবে।
মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ? কংগ্রেসের এই শীর্ষ নেতার অভিযোগ, ভারতের ‘জিরো MDR’ (Zero MDR) নীতির দরুন বিদেশি ও মার্কিন পেমেন্ট জায়ান্টরা এ দেশীয় বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল। মার্কিন সংস্থাদের সুবিধা করে দিতেই তাদের আড়ালে থাকা চাপের সামনে মোদী সরকার নতি স্বীকার করেছে।
চা-দোকানি থেকে বড় শপিং মল—যে দেশে UPI দৈনন্দিন জীবনের অংশ, সেখানে ২,০০০ টাকার ওপর ফি বসানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত সাধারণ বাজারব্যবস্থাকে কোথায় গিয়ে দাঁড় করায়, তা নিয়েই এখন দেশজুড়ে জল্পনা তুঙ্গে।
