‘অনুমতি ছাড়া মামলা নয়’— বীর সাভারকর মন্তব্যে সুপ্রিম কোর্টের রায়ে রাহুলের বড় আইনি সাফল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
বীর সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে তৈরি বিতর্কিত মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশে রুজু হওয়া ফৌজদারি মামলাটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানান, এই ধরনের ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে প্রশাসনের থেকে যে বাধ্যতামূলক আইনি অনুমোদন বা ‘স্যাংশন’ নেওয়ার প্রয়োজন ছিল, তা নেওয়া হয়নি। সেই আইনি ত্রুটির কারণেই নিম্ন আদালতের জারি করা সমন বাতিল করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের নভেম্বরে। ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধী দাবি করেছিলেন যে, বীর সাভারকর ব্রিটিশদের সহযোগিতা করতেন এবং নিয়মিত পেনশন নিতেন। এই মন্তব্যের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের এক নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা করেন আইনজীবী নৃপেন্দ্র পান্ডে। নিম্ন আদালত রাহুল গান্ধীকে সমন পাঠালে, তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অবশেষে শীর্ষ আদালতের এই রায়ে কংগ্রেস নেতার বড়সড় আইনি জটিলতা কাটল।
