অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা কবে থেকে, ক্যাবিনেট বৈঠক শেষে তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মহিলাদের জন্য বড় খবর! প্রথম ক্যাবিনেট বৈঠকেই বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সূচনার দিনক্ষণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১ জুন থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের প্রথম দিনেই সেই লক্ষ্যপূরণের পথে হাঁটল নতুন মন্ত্রিসভা।
বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার
নতুন প্রকল্প চালু হলেও পুরনো কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, আগের সরকারের চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’সহ অন্যান্য প্রকল্পগুলোও সচল থাকবে। শুভেন্দু অধিকারীর কথায়, “চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ৩০ বছর বা ১০ বছর আগের কোনো প্রকল্পই আমরা বন্ধ করব না।” তবে প্রতিটি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে উপভোক্তাদের তালিকা যাচাই করা হবে এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানো হবে।
স্বচ্ছতা ও আধুনিকীকরণে জোর
প্রশাসনিক কাজে গতি আনতে এবং দুর্নীতি রুখতে ‘পেপারলেস অফিস’ ও পোর্টাল আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মৃত ব্যক্তি বা অ-ভারতীয় কেউ যাতে এই প্রকল্পের অপব্যবহার করতে না পারে, সেদিকে কড়া নজর রাখা হবে। এই প্রকল্পের পাশাপাশি ১ জুন থেকেই মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও পাবেন। সরকারের এই জোড়া সিদ্ধান্ত রাজ্যের মহিলা ভোটারদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক নিরাপত্তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
