অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে মিলবে? বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মেচেদাতে এক সাংগঠনিক বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যোগ্য উপভোক্তারা নিয়ম মেনেই টাকা পাবেন।
কেন টাকা পেতে দেরি হচ্ছে? অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছানোয় রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনে এত বড় একটি প্রকল্প চালু করা হয়েছে। এত দ্রুত কাজ করতে গিয়ে কিছু প্রযুক্তিগত ত্রুটি হওয়া স্বাভাবিক, যার ফলে এই দেরি হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, প্রকল্পের টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে এবং খুব শীঘ্রই তা সবার কাছে পৌঁছে যাবে। প্রশাসনিক প্রক্রিয়া গুছিয়ে নেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে কিছুটা সময় চেয়েছেন।
স্বাস্থ্যবিমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা শুধু অন্নপূর্ণা যোজনা নয়, এদিন স্বাস্থ্য পরিষেবা নিয়েও বড় ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী:
- ৭০ ঊর্ধব নাগরিকদের জন্য: ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে কোনো আয়ের মাপকাঠি ছাড়াই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
- মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা: যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাদের জন্য থাকবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা-সুরক্ষা পাওয়া যাবে, যা ভিনরাজ্যের হাসপাতালেও কার্যকর হবে।
উল্লেখ্য, মুর্শিদাবাদের রেজিনগরের সভায় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রায় সাড়ে ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। বাকিদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই রাজ্য সরকার এই বিশেষ স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে এসেছে।
