প্রেমের গুঞ্জনে সিলমোহর, দুই কন্যার মা স্বর্ণালীর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন শঙ্কুদেব! – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও সাংবাদিক স্বর্ণালী সরকার। রবিবার গঙ্গার বুকে বিলাসবহুল ‘পোলো ফ্লোটেল’-এ অত্যন্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিবাহ অনুষ্ঠান। লাল বেনারসি ও সোনার গয়নায় কনের সাজে নজর কেড়েছেন স্বর্ণালী, আর তাঁকে সঙ্গ দিয়েছেন লাল পাঞ্জাবিতে সজ্জিত বর শঙ্কুদেব। ব্যক্তিগত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাজনৈতিক ব্যস্ততা ও নতুন সিনেমার কাজে ডুবে থাকা শঙ্কুদেব এবং দুই কন্যাকে নিয়ে সিঙ্গল মাদার হিসেবে সংসার সামলানো স্বর্ণালীর এই নতুন ইনিংস ঘিরে এখন জোর চর্চা। বিয়ের আনুষ্ঠানিকতা গোপন রাখার চেষ্টা চললেও, গায়ে হলুদের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সব জল্পনা কাটিয়ে দুই পরিবারের উপস্থিতিতে নবদম্পতি তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।
