অবশেষে কাটল খরা! বঙ্গে নতুন সরকার আসতেই মালদহে ফের শুরু ১০০ দিনের কাজ, খুশির হাওয়া গ্রামে গ্রামে – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহ: দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আবারও চালু হলো ১০০ দিনের কাজ (MGNREGA)। ২০২২ সালে তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সরকার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। ফলে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল এই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার আসতেই ফের সচল হলো ১০০ দিনের কাজ, যার জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।
শনিবার মালদহের বিভিন্ন ব্লকে মহাসমারোহে এই কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও (BDO) সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
মালদহের হবিবপুরেও উৎসবের আমেজ:
অন্যদিকে, কয়েক বছর বন্ধ থাকার পর এদিন মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রঞ্জিতপুরের জোতশ্রীহারী পুকুরেও ১০০ দিনের কাজ শুরু হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, মালদহ জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, হবিবপুরের যুগ্ম বিডিও মলয় কুমার পাল এবং প্রধান পাণ্ডব সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
দীর্ঘদিন পর হাতে কাজ পাওয়ায় গ্রামীণ এলাকায় যেন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশা, এই প্রকল্প পুনরায় চালু হওয়ার ফলে এলাকায় কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকাজ আরও গতিশীল হয়ে উঠবে।
