অভিনয় ছেড়ে সরাসরি কার্গিল যুদ্ধে কেন ঝাঁপিয়েছিলেন নানা পাটেকর? জানলে অবাক হবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
পর্দায় বহুবার সেনার ভূমিকায় দেখা গেলেও বাস্তব জীবনেও দেশের টানে অস্ত্র হাতে তুলে নিতে পিছপা হননি অভিনেতা নানা পাটেকর। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় অভিনয় থেকে বিরতি নিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে দীর্ঘ সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতাকে সম্বল করে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের বিশেষ অনুমতি নেন অভিনেতা। এরপর আগস্ট মাসে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি দ্রাস, লেহ, কুপওয়াড়া ও বারামুল্লার মতো সংবেদনশীল এলাকায় দুই সপ্তাহ কাটান তিনি।
যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতায় সাধারণ সেনার মতোই কুইক রেসপন্স টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নানা পাটেকর। পাশাপাশি সেনার একটি হাসপাতালেও নিয়মিত কাজ করেন তিনি। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, শ্রীনগরে পৌঁছানোর সময় তাঁর ওজন ৭৬ কেজি থাকলেও যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর তা কমে ৫৬ কেজিতে নেমেছিল। অভিনয় দুনিয়ার গ্ল্যামার ছেড়ে দেশের সেবায় নানার এই আত্মত্যাগের কাহিনী আজও যেকোনো দেশপ্রেমিককে অনুপ্রাণিত করে।
