অরুণাচলে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান: সেনার ক্যাম্প তছনছ, নিখোঁজ ৫ জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ
শুক্রবার এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকল অরুণাচল প্রদেশ। রাজ্যের আনিনির পাশু জল এলাকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টির কারণে নেমে আসে মারাত্মক ভূমিধস ও হড়পা বান। জলের তোড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সেনার ক্যাম্প এবং প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যে।
সেনা ক্যাম্পে তাণ্ডব ও উদ্ধার অভিযান বিকেল পৌনে পাঁচটা নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হলে আকস্মিক ধসে ‘5th Grenadier’-এর একটি সেনা ক্যাম্প গুঁড়িয়ে যায়। তীব্র স্রোতে ভেসে যায় সেনার দুটি শেল্টার। এই দুর্ঘটনায় ৫ জন জওয়ান নিখোঁজ হন। খবর পেয়েই সেনার দুটি দল, নিকটবর্তী ঘাঁটির জওয়ান, আইটিবিপি-র ৫৮ নম্বর ব্যাটালিয়ন, জিআরইএফ, স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ২ জন জওয়ানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় দিবাং ভ্যালি জেলা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আপার সুবনসিরিতে ধসে ৪ জনের মৃত্যু একই দিনে রাজ্যের আপার সুবনসিরি জেলাতেও আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি নির্মাণাধীন রাস্তার ওপর বিশাল ভূমিধস নেমে এলে চারজন চাপা পড়েন। তাঁদের মধ্যে ইতিমধ্যে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরপর এই দুর্যোগের ফলে অরুণাচলের একাধিক জেলায় চরম জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।
