অর্ণব দুর্বল হতেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের চোখ রাঙানি! পুজো-পরবর্তী আবহাওয়া নিয়ে বিরাট আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়লেও, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর থাকা পূর্বের নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর মাঝেই দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছাবে। পরবর্তী সময়ে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে বর্তমানে কোনো বড় সতর্কতা জারি না করা হলেও আবহবিদেরা পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।
অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বেশি থাকার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বর্ষণের পাশাপাশি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদহসহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণের কিছু জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
