অল্প বয়সেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে, চিনে নিন আপনার শত্রু খাবারগুলিকে
সাম্প্রতিক সময়ে ৩০ বছর বয়সেই হার্ট অ্যাটাকের প্রকোপ বাড়ছে যা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাসবিশ্বাস জানান, জীবনশৈলী ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে এই ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে রান্নায় অতিরিক্ত নুন এবং কাঁচা নুন খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। এছাড়া একই তেলে বারবার ভাজা খাবার বা জাঙ্ক ফুড থেকে তৈরি ট্রান্স ফ্যাট ধমনিতে ব্লকেজ তৈরি করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়।
হার্ট সুস্থ রাখতে চিনি, ময়দা ও রিফাইনড চালের মতো ফাইবারহীন শর্করা এড়িয়ে চলা জরুরি। এর পরিবর্তে খাদ্যতালিকায় ওটস, শাকসবজি, ফল এবং ঢেঁকি ছাঁটা চালের মতো তন্তুজাতীয় খাবার যোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩৫-৪০ মিনিট শরীরচর্চা বা দ্রুত হাঁটার অভ্যাস করা প্রয়োজন। বিশেষ করে যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, তাদের ৩০ বছরের পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

