অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় আপডেট! পেনশন ও বেতন বৃদ্ধি কবে থেকে? জানা গেল দিনক্ষণ – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এখন মুখিয়ে আছেন ৮ম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের দিকে। কবে থেকে তাঁদের বর্ধিত বেতন ও পেনশন চালু হবে, তা নিয়ে দেশজুড়ে জোরালো জল্পনা চলছে। এই জল্পনার মাঝেই সংসদের চলতি অধিবেশনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ জবাব দিয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি মেরেই অত্যন্ত দ্রুততার সঙ্গে কমিশনের কাজ এগিয়ে চলেছে। চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পরেই সংশোধিত বেতন ও পেনশন কার্যকর করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
বেতন কমিশন সংক্রান্ত মূল তথ্যসমূহ:
- কমিশন গঠন ও সময়সীমা: ২০২৫ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ৮ম বেতন কমিশন গঠিত হয়েছিল। সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
- কাজের বর্তমান অগ্রগতি: বিগত প্রায় নয় মাস ধরে বিভিন্ন কর্মচারী সংগঠন ও দপ্তরগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে কমিশন। সম্প্রতি দিল্লিতে একটি মেগা বৈঠক সম্পন্ন হয়েছে। এর আগে কলকাতাতেও বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং খুব শীঘ্রই জয়পুরে পরবর্তী বৈঠক হতে চলেছে।
- কত জন উপকৃত হবেন? সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত প্রায় ৩৫.৭৭ লক্ষ কেন্দ্রীয় বেসামরিক কর্মী এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আনুমানিক ৩৩.৭৬ লক্ষ পেনশনভোগী (প্রতিরক্ষা বিভাগ ব্যতীত) এই নতুন বেতন কাঠামোর সুফল পাবেন।
কোন কোন বিষয়ে সুপারিশ করবে কমিশন?
৮ম বেতন কমিশন মূলত কর্মীদের মূল বেতন (Basic Pay), মহার্ঘ ভাতা (DA) এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা ও সুবিধার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনার সুপারিশ করবে। এছাড়া পেনশন ও পারিবারিক পেনশনের নীতি সংস্কারের ক্ষেত্রেও এই কমিশন মূল ভূমিকা নেবে।
কবে চালু হবে নতুন বেতন?
কমিশনের হাতে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য এখনও প্রায় ৯ মাস সময় বাকি রয়েছে। তাই নতুন বেতন বা পেনশন ঠিক কোন তারিখ থেকে কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি কেন্দ্র। অর্থ মন্ত্রক পরিষ্কার জানিয়েছে, কমিশনের চূড়ান্ত সুপারিশ হাতে পাওয়ার পরেই সরকার চূড়ান্ত ঘোষণা করবে।
