ঢাকার পথে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন! ভারত থেকে আসছে অত্যাধুনিক ১৯ কোচের রেক – এবেলা

এবেলা ডেস্কঃ
রেল সেক্টরে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করে আজ কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে ১৯ কোচের প্রথম এলএইচবি (LHB) ব্রডগেজ প্যাসেঞ্জার রেক। ২০২৪ সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ তৈরি করছে ভারত। রেল ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (RITES)-এর মাধ্যমে বাস্তবায়িত এই অর্ডারের প্রথম ধাপে ৩টি এসি স্লিপার, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং ২টি পাওয়ার কারসহ মোট ১৯টি আধুনিক কোচ পাঠানো হচ্ছে।
যাত্রীদের আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে কোচগুলির নকশায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে স্টেইনলেস স্টিলের হাতল, হেলানো যায় এমন আসন, সমন্বিত সিসিটিভি নজরদারি, অ্যালার্ম সিস্টেম, শিশু পরিচর্যার কক্ষ এবং প্রার্থনার ঘর। এছাড়া, বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতির কথা মাথায় রেখে কোচের ছাদের কাঠামো শক্তিশালী করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশকে বিভিন্ন কোচ ও লোকোমোটিভ সরবরাহ করেছে রাইটস (RITES), যা দুই দেশের রেল সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।
