“নাচ-গান নয়, এবার আসল কাজ!” শিল্পবান্ধব রাজ্য গড়তে তোলাবাজি ও লাল ফিতে কাটার বার্তা নবান্নে – এবেলা

এবেলা ডেস্কঃ
নবান্ন: রাজ্যে নতুন বিনিয়োগের পথ সুগম করতে এবার কড়া পদক্ষেপে রাজ্য সরকার। আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস, তোলাবাজি এবং জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে কিভাবে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা যায়, তা নিয়ে বণিকমহলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করল রাজ্য সরকারের শিল্প বিষয়ক মন্ত্রিগোষ্ঠী। নবান্ন সভাগৃহে আয়োজিত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং সহ একাধিক দপ্তরের শীর্ষ কর্তারা।
বৈঠক শেষে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, শিল্পপতিদের বাস্তব সমস্যা ও চাহিদাগুলি সরাসরি শুনতেই এই উদ্যোগ। শিল্পনীতিতে যাতে ব্যবসায়ীদের প্রস্তাব ও পরামর্শগুলি অন্তর্ভুক্ত করা যায়, তা নিশ্চিত করতেই সব বিষয় নোট করা হয়েছে। অতীতে শিল্পপতিদের ডেকে ‘গান গাওয়ানোর’ মতো অনাবশ্যক বিষয় নিয়ে কটাক্ষ করে মন্ত্রী স্পষ্ট জানান, এবার নজর থাকবে শুধু কাজের কথায়। অন্যদিকে, শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, “তোলাবাজি, শ্রমিক সমস্যা এবং পরিবহণের বাধা নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমা দেওয়া হবে।”
সূত্রের খবর, বৈঠকে বণিকমহলের তরফ থেকে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করা, জমির মিউটেশন সহজ করা এবং ‘ইজ অফ ডুইং বিজনেস’-এর ওপর জোর দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, বিগত আমলের বকেয়া প্রায় ১৮ হাজার কোটি টাকার ইনসেনটিভ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নতুন ছাড়ের দাবি তোলেন ব্যবসায়ীরা। বিগত সরকারের ভুলত্রুটি ভুলে নতুন উদ্যমে স্বচ্ছ শিল্পনীতি তৈরির আশ্বাস দিয়েছে মন্ত্রিগোষ্ঠী।
