অ্যাকাউন্টে টাকা ঢুকছে! অন্নপূর্ণার ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার তালিকায় কি আপনার নাম আছে? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিজেপি সরকারের একশো দিন পূর্তির বিশেষ দিনে শুরু হলো বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার অর্থ বিতরণ। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, আজ সোমবার থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। চলতি অগাস্ট মাসে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেতে চলেছেন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছবে না। জেলাভিত্তিক এই প্রক্রিয়া আগামী ২০ অগাস্ট পর্যন্ত ধাপে ধাপে চলবে।
ফলে আজই টাকা না ঢুকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাঁদের আবেদন বর্তমানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রে সামান্য সময় লাগতে পারে। যোগ্য উপভোক্তারা সরাসরি ডিবিটি (DBT) মাধ্যমের সাহায্যে তাঁদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন। যাঁদের আবেদন যাচাই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা স্ট্যাটাস নিয়ে সংশয় রয়েছে, তাঁরা সরকারি পোর্টালে গিয়ে বর্তমান স্থিতি যাচাই করে নিতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পৌঁছলে স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করা যাবে।
