আইএসআইয়ের পরই বঙ্গে আল কায়দার বড় ছক! এসটিএফের জালে দুই সন্দেহভাজন জঙ্গি – এবেলা

এবেলা ডেস্কঃ
আইএসআই নেটওয়ার্কের ছায়া কাটার আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও নোদাখালি এলাকায় অভিযান চালিয়ে আল কায়দার দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল এবং সফিক শেখ দীর্ঘদিন ধরে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (আকিস)-এর সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তকারীদের দাবি। ভাঙড়ের পানাপুকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে তারা ভারতবিরোধী প্রচার চালাচ্ছিল। ‘মুঘলে আজম’ এবং ‘জিহাদ-ই-সবিবিল্লাহ’ নামের দুটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে উসকানিমূলক বার্তা ছড়ানোর পাশাপাশি স্থানীয় স্তরে সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা ছিল তাদের।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে এবং দাওয়াতের নামে লোকজনকে প্রভাবিত করার ছক কষেছিল এই দুষ্কৃতীরা। নোদাখালি থেকে সফিক গ্রেপ্তারের পর দক্ষিণবঙ্গে জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসটিএফ এখন ধৃতদের জেরা করে তাদের অর্থের উৎস, সামাজিক মাধ্যমের যোগাযোগ এবং রাজ্যের অন্য কোথাও এমন কোনো মডিউল সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। ভাঙড় ও নোদাখালির এই ঘটনায় বৃহত্তর কোনো জঙ্গি ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে।
