আইএসএলে খেলতে মুখিয়ে বিশ্বকাপ কাঁপানো তারকা গোলরক্ষক ভোজিনহা, পাঠাচ্ছেন বিশেষ উপহার! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বকাপের মঞ্চে স্পেন ও উরুগুয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়া কেপ ভার্দের ৪০ বছর বয়সী তারকা গোলরক্ষক ভোজিনহা এবার ভারতে খেলার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে কলকাতার ফুটবল প্রেম সম্পর্কে শুনে তিনি সরাসরি তিলোত্তমায় আসতে চাইছেন। সম্প্রতি ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সাথে এক নৈশভোজে ভারতীয় ফুটবল ও এর জনপ্রিয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। কলকাতায় ফুটবলের উন্মাদনা এবং নতুন সরকারের ক্রীড়াপ্রীতি সম্পর্কে জানতে পেরে তিনি ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।
ফুটবল নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগ্রহের কথা জানতে পেরে ভোজিনহা অত্যন্ত আনন্দিত হন। তিনি তাঁর বর্তমান ক্লাব ‘কোলো-কোলো’-র ২৯ নম্বর জার্সিতে “আমার বন্ধু স্যার শুভেন্দুর জন্য” লিখে শতদ্রু দত্তের হাতে তুলে দিয়েছেন, যা শিগগিরই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই কলকাতার ফুটবল সংস্কৃতি কাছ থেকে দেখতে এবং একটি কর্মশালা পরিচালনা করতে শহরে আসতে পারেন এই আন্তর্জাতিক তারকা। এর ফলে বিশ্ব ফুটবলের আরও এক মহাতারকার উপস্থিতিতে আলোকিত হতে চলেছে ভারতের ফুটবল অঙ্গন।
