আইনি জটিলতায় আর একা নয় কর্মীরা, বিনামূল্যে আইনি সহায়তার প্ল্যাটফর্ম আনল CJP! – এবেলা

এবেলা ডেস্কঃ
উন্নত শিক্ষার দাবিতে আন্দোলনে নেমে পুলিশি হেনস্থা বা আইনি জটিলতার মুখে পড়া স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াতে অভিনব পদক্ষেপ নিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। মঙ্গলবার দেশজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে আজীবন আইনি সহায়তার জন্য একটি বিশেষ ‘লিগ্যাল এইড প্ল্যাটফর্ম’ বা ওয়েবসাইট চালু করেছে দলটি। এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করে সিজেপি জানিয়েছে, আন্দোলনের জেরে কোনও সমর্থক হেনস্থা বা হিংসার শিকার হলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত আইনি সহায়তা পাবেন। দলের আইনি সেলের প্রধান রত্না সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দেশের কোনও সমর্থককেই আর আইনি লড়াইয়ে একা লড়তে হবে না।
গত জুলাই মাসে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল ও মুখপাত্র সৌরভ দাস এই ওয়েবসাইটের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যার জন্য সিব্বল ব্যক্তিগতভাবে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন। নতুন এই প্ল্যাটফর্মে সাহায্যপ্রার্থী ও ইচ্ছুক আইনজীবীদের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীরা ভেরিফায়েড আইনজীবীদের সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি, আকস্মিক গ্রেফতারি বা আটক হওয়ার মতো জরুরি পরিস্থিতির জন্য হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেইল ও বিশেষ ফর্মের বন্দোবস্ত রাখা হয়েছে, যা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করবে।
