আজ থেকে রাজ্যে চালু মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, জেনে নিন নিয়ম ও প্রয়োজনীয় নথি – এবেলা

এবেলা ডেস্কঃ
সোমবার ১ জুন থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য চালু হলো সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ পরিষেবা। এখন থেকে রাজ্যের স্থায়ী বাসিন্দা মহিলারা সরকারি বাসে কোনো টিকিট ছাড়াই যাতায়াত করতে পারবেন। পরিবহণ বিভাগের নির্দেশিকা অনুযায়ী, সিএসটিসি, ডব্লুবিটিসি, ডব্লুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটি-এর সব সরকারি বাসেই এই সুবিধা পাওয়া যাবে।
বাসে ওঠার সময় সঙ্গে রাখুন পরিচয়পত্র
প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে বাসে ওঠার জন্য মহিলাদের সঙ্গে অবশ্যই কোনো বৈধ পরিচয়পত্র রাখতে হবে। কন্ডাক্টরকে এই পরিচয়পত্র দেখালে তিনি ‘জিরো ভ্যালু টিকিট’ ইস্যু করবেন। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি অথবা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে। এ ছাড়া কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পিএসইউ ও পাবলিক লিমিটেড কো ম্পা নির ইস্যু করা ছবিযুক্ত পরিচয়পত্রও দেখানো যাবে। উল্লেখ্য, এই পরিষেবা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য।
স্মার্ট কার্ড পাওয়ার নিয়মাবলি
পরবর্তী পর্যায়ে স্মার্ট কার্ডের মাধ্যমে এই পরিষেবা আরও সুসংহত করা হবে। কিউআর কোড এবং ছবিযুক্ত এই স্মার্ট কার্ড পেতে যোগ্য আবেদনকারীদের নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, জব কার্ড কিংবা রাজ্য সরকার স্বীকৃত যেকোনো পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। এই কার্ড পাওয়ার পর যাতায়াত আরও সহজ ও ঝামেলামুক্ত হবে বলে মনে করছে পরিবহণ দপ্তর।
বাংলার নারীদের কর্মক্ষেত্রে ও যাতায়াতে স্বাচ্ছন্দ্য আনতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ। এই পরিষেবার ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কর্মজীবী মহিলারা এবং ছাত্রীরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবেন।
