আপনার অন্নপূর্ণার ফর্মও কি ‘আন্ডার ইনকোয়ারি’? টাকা মিলবে কবে, স্পষ্ট জানালেন মন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে ইতিমধ্যেই এক কোটির বেশি মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’-র আওতায় মাসিক ৩,০০০ টাকা করে পেতে শুরু করেছেন। কিন্তু এখনও বহু মহিলার আবেদনের স্টেটাস ‘আন্ডার ইনকোয়ারি’ (Under Inquiry) দেখাচ্ছে। এই আটকে থাকা টাকা এবং ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে এবার বড়সড় আপডেট দিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়।
কী জানালেন মন্ত্রী?
- কেন দেরি হচ্ছে? মন্ত্রী জানিয়েছেন, অনেকেই ফর্ম পূরণে ভুল করেছেন বা অফলাইন-অনলাইন মিলিয়ে দু’জায়গায় আবেদন করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর মাত্র দু’মাস পেরিয়েছে, তাই গোটা প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুলগুলো শুধরে নিতেই কিছুটা সময় লাগছে।
- যোগ্যরা বঞ্চিত হবেন না: মালতি রাভা রায় সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, প্রকৃত যোগ্য আবেদনকারীদের কেউই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
- বাতিল হতে পারে ভুয়ো আবেদন: যাঁরা নিজেদের আর্থিক অবস্থা বা অন্যান্য তথ্য গোপন করে আবেদন করেছেন, তাঁদের কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, স্ক্রুটিনিতে কোনো অনিয়ম ধরা পড়লে সেই আবেদন সরাসরি বাতিল হবে এবং কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে।
কীভাবে চলছে ভেরিফিকেশন?
গত ১ জুলাই দ্বিতীয় দফার টাকা দেওয়ার সময় বহু মহিলার আবেদন আচমকা ‘রিজেক্টেড’ দেখানোয় চরম বিতর্ক তৈরি হয়। এরপরই রাজ্য সরকার তড়িঘড়ি বাতিল হওয়া আবেদনগুলি পুনরায় যাচাইয়ের (রি-ভেরিফিকেশন) সিদ্ধান্ত নেয়। সেই কারণেই স্টেটাস বদলে ‘আন্ডার ইনকোয়ারি’ করা হয়েছে। বর্তমানে স্বচ্ছতা আনতে অনেক ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়েও তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছেন আধিকারিকরা।
আবেদনকারীদের জন্য পরামর্শ:
যাঁদের টাকা এখনও ঢোকেনি, তাঁদের অযথা চিন্তার কোনো কারণ নেই। তবে নিজেদের সমস্ত বৈধ কাগজপত্র সব সময় প্রস্তুত রাখা জরুরি। সরকারি নিয়ম মেনে সমস্ত তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে।
