আমেরিকার ষড়যন্ত্রেই গদি হারিয়েছিলেন ইমরান, বিস্ফোরক তথ্যে তোলপাড় পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবার এক নতুন মোড় নিল। মার্কিন তদন্তমূলক খবরের ওয়েবসাইট ‘ড্রপ সাইট’-এর ফাঁস হওয়া একটি গোপন নথি বা ‘সাইফার’ থেকে জানা গেছে, ২০২২ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার পতনের নেপথ্যে ওয়াশিংটনের সরাসরি ভূমিকা ছিল। রুশ-ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান এবং আফগানিস্তান ইস্যুতে আমেরিকার সাথে দ্বিমত পোষণের কারণেই ইমরানকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় চক্রান্ত করা হয়েছিল।
গোপন বৈঠক ও ক্ষমতার হাতবদল
ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু এবং ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, পাকিস্তান যদি ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পারে, তবেই আমেরিকার সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা দূর হবে এবং ওয়াশিংটন সবকিছু ক্ষমা করে দেবে। এই বৈঠকের মাত্র কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সংসদে নাটকীয়ভাবে অনাস্থা প্রস্তাব এনে ইমরান খানকে গদিচ্যুত করা হয়, যা এই ষড়যন্ত্রের তত্ত্বকে আরও জোরালো করেছে।
নেপথ্যের কারণ ও সামরিক বাহিনীর ভূমিকা
ইমরান খানের স্বাধীন বিদেশনীতিই তাঁর জন্য কাল হয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আফগানিস্তানে তালিবান বিরোধী অভিযানের জন্য পাকিস্তানের মাটি ও সেনাঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার অনমনীয় সিদ্ধান্ত ওয়াশিংটনকে ক্ষুব্ধ করেছিল। একই সাথে রাশিয়ার সাথে ইমরান সরকারের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টাও আমেরিকা ভালোভাবে নেয়নি। অন্যদিকে, রিপোর্টে দাবি করা হয়েছে যে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার অনেক আগে থেকেই পাকিস্তানের সামরিক বাহিনী গোপনে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলছিল। ইমরান সরকারের পতনের পর নতুন সরকার গঠিত হলে পাক সেনাবাহিনী আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বহুগুণ বাড়িয়ে দেয়, যার অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধে গোপনে গোলাবারুদ সরবরাহ করেছিল ইসলামাবাদ।
ইমরান খান বরাবরই দাবি করে আসছিলেন যে পাকিস্তানের দুটি প্রধান রাজনৈতিক দল এবং বিদেশি শক্তির মদতেই তাঁর সরকারের পতন ঘটানো হয়েছে। নতুন এই তথ্য প্রকাশের পর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
🚨BREAKING: For the first time, the original Pakistani cypher — cable I-0678, the document that triggered the removal of former Pakistani Prime Minister Imran Khan — is being released in full by Drop Site. https://t.co/nlX8uZCQRX pic.twitter.com/SYskivzAK9
— Drop Site (@DropSiteNews) May 17, 2026
