ইতিহাসের সাক্ষী হাওড়া ব্রিজ! আন্তর্জাতিক যোগ দিবসে গঙ্গার বুকে নজিরবিহীন ‘মহা আয়োজন’ – এবেলা

ইতিহাসের সাক্ষী হাওড়া ব্রিজ! আন্তর্জাতিক যোগ দিবসে গঙ্গার বুকে নজিরবিহীন ‘মহা আয়োজন’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তিলোত্তমার বুকেই এবার রচিত হতে চলেছে এক অনন্য ইতিহাস। কলকাতার প্রবেশদ্বার তথা বাংলার অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্যের প্রতীক হাওড়া ব্রিজ এবার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় প্রাচীন সংস্কৃতির এক অভিনব মেলবন্ধনের। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী সোমবার এই ঐতিহ্যবাহী ক্যান্টিলিভার সেতুর ওপর আয়োজন করা হচ্ছে এক বিশেষ যোগাসন কর্মসূচি।

প্রশাসন সূত্রে খবর, এবারের অনুষ্ঠানের থিম রাখা হয়েছে ‘গঙ্গা যোগা করিডর’। হুগলি নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই ব্যস্ততম সেতুর এক পাশের ফুটপাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে যোগাসনে অংশ নেবেন। একদিকে নিচে বয়ে চলা প্রবাহমান গঙ্গা, আর অন্যদিকে ঐতিহ্যের হাওড়া ব্রিজ— এই অপূর্ব পরিবেশে যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের এক অভিনব বার্তা দেওয়া হবে গোটা বিশ্বকে।

প্রতিদিন প্রায় ৮০ হাজার যানবাহন এবং ১০ লক্ষেরও বেশি মানুষের যাতায়াতের মাধ্যম এই সেতু। ফলে সোমবার অনুষ্ঠান চলাকালীন সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষও এই ঐতিহাসিক ও নজিরবিহীন মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। প্রশাসনের মতে, দেশের অন্যতম ব্যস্ততম একটি সেতুর ওপর আন্তর্জাতিক যোগ দিবসের এমন আয়োজন এই প্রথম, যা বাংলার মুকুটে এক নতুন পালক যোগ করবে।

এই মেগা কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই গত বৃহস্পতিবার জেলাশাসক সহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা হাওড়া ব্রিজ পরিদর্শন করেছেন। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় এবং পুরো আয়োজনটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তার জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে, আগামী সোমবার ঐতিহ্য, সংস্কৃতি আর সুস্থতার এক মহাসঙ্গম দেখতে চলেছে কলকাতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *