ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাঘের চোখ! ২০২৭ আইপিএলে বড় চমক দিতে তৈরি ধোনি? – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৬ আইপিএলে এক ম্যাচেও মাঠে না নামলেও অবসর নিয়ে কোনো ঘোষণা দেননি মহেন্দ্র সিং ধোনি। তবে কি ২০২৭ মরশুমে ফের হলুদ জার্সিতে ফিরছেন কিংবদন্তি অধিনায়ক? এই জল্পনার মাঝেই এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, ধোনি ব্যক্তিগতভাবে তাঁকে স্পষ্ট জানিয়েছেন যে তিনি কোনোভাবেই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামবেন না। খেললে পুরো ২০ ওভার উইকেটকিপিং করে পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবেই তিনি দলের দায়িত্ব সামলাবেন।
৪৫ বছর বয়সে ধোনির শারীরিক চাপ কমাতে এই নিয়মটি নিখুঁত বিকল্প হতে পারত বলে মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংও আগে ধোনির শরীরের ওপর দীর্ঘ সময় মাঠে থাকার চাপের কথা স্বীকার করেছিলেন। কেবল ইনিংসের শেষে ব্যাটিংয়ে নেমে ম্যাচ ফিনিশ করার সহজ পথ খোলা থাকলেও, তা প্রত্যাখ্যান করেছেন মাহি। ফলে ২০২৭ আইপিএলে ধোনির প্রত্যাবর্তন সম্পূর্ণ নির্ভর করবে তাঁর কড়া ফিটনেস পরীক্ষার ওপর। শারীরিক চ্যালেঞ্জ কাটিয়ে নিজেকে পুরো মরশুমের উপযোগী রাখতে পারলে তবেই ফের বাইশ গজে দেখা মিলবে এই মহাতারকার।
