ইরানের উত্তেজনায় কাঁপছে ভারত, জাহাজ রক্ষায় ১২,৯৮০ কোটির বিশাল ঘোষণা!

হোরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ভারতীয় জাহাজের ওপর ইরানি বাহিনীর বাধার পরিপ্রেক্ষিতে সমুদ্রপথে পণ্য পরিবহন নিরাপদ রাখতে ১২,৯৮০ কোটি টাকার একটি বিশেষ বীমা সুরক্ষা তহবিল অনুমোদন করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ওই এলাকায় আন্তর্জাতিক বাজারে জাহাজ বীমার প্রিমিয়াম বহুগুণ বেড়ে যাওয়ায় এবং ২০টি জাহাজকে ফিরে আসতে বাধ্য করায় সরকার এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে।
উদ্ভূত সংকট মোকাবিলায় সরকার ‘ভারত ম্যারেটাইম ইন্স্যুরেন্স পুল’ (BMI Pool) গঠনের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের আওতায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে সাশ্রয়ী মূল্যে বীমা সুবিধা দেওয়া হবে, যা বিদেশি বীমা সংস্থাগুলোর ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থনৈতিক সুরক্ষা বলয় তৈরি করবে। এই বিশাল অঙ্কের গ্যারান্টি সুবিধা জাহাজ মালিকদের বাড়তি আর্থিক বোঝা থেকে মুক্তি দেবে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বজায় থাকলেও ভারতের জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
