উত্তর দমদমে জঞ্জাল সরাতে মাসিক ফি! ক্ষোভে ফুঁসছে শহরবাসী

উত্তর দমদম পৌর এলাকায় বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য মাসিক ৩০ টাকা পরিষেবা ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতদিন এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলেও, রাজ্য নগরোন্নয়ন সংস্থা বা সুডার নির্দেশিকা মেনে গত সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। পাশাপাশি, শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান থেকেও ব্যবসার ধরন ও আয়-ব্যয়ের ভিত্তিতে আলাদা হারে এই ফি আদায় করা হবে। পৌর কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট এই ফি চালু হলে নাগরিকরা পরিচ্ছন্নতা পরিষেবা আরও নিখুঁতভাবে নজরদারি করতে পারবেন।
তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। শহরবাসীর অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে এই অতিরিক্ত অর্থনৈতিক বোঝা তাঁদের নাজেহাল করে তুলবে। বিশেষ করে দোকানদারদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে ফি দিতে হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, পৌরসভার অভ্যন্তরীণ আর্থিক অব্যবস্থাপনা ঢাকতেই ঘুরপথে সাধারণ মানুষের পকেট কাটছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে অবিলম্বে এই পরিষেবা ফি বাতিলের জোরালো দাবি তুলেছেন শহরবাসী।
