উত্তরকন্যায় খুলছে একাধিক নতুন দপ্তর! শিলিগুড়ির উড়ালপুল উদ্বোধন করে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে এবার উত্তরকন্যায় আরও একাধিক নতুন সরকারি দপ্তর চালু করা হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং কাজের সুবিধার্থেই এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শিলিগুড়ি থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতে বিগত সরকারের আমলে উত্তরবঙ্গে পর্যাপ্ত উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুলে, বিজেপি সরকারের আমলে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে কীভাবে এলাকার ছবি বদলাচ্ছে, তা মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি
আজ, সোমবার সকালেই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দিনের শুরুতেই তিনি জলপাইগুড়িতে যান। সম্প্রতি সিকিমে এক মর্মান্তিক টানেল দুর্ঘটনায় জলপাইগুড়ির ১১ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে। এদিন মুখ্যমন্ত্রী সরাসরি ওই শোকস্তব্ধ শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করেন, তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। এরপর দুপুরেই তিনি শিলিগুড়িতে পৌঁছন এবং উত্তরকন্যায় একটি উচ্চপর্যায়ের বৈঠক সারেন। সন্ধ্যায় তিনি শিলিগুড়ি-বর্ধমান রোডের বহু প্রতীক্ষিত উড়ালপুলের উদ্বোধন করেন।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংক্ষিপ্ত বক্তব্যের পর দুই মন্ত্রীকে পাশে নিয়ে ফিতে কেটে সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট অতিথিদের নিয়ে সেতুটি হেঁটে পরিদর্শন করেন।
ডবল ইঞ্জিন সরকার ও উত্তরবঙ্গের ঢালাও উন্নয়ন
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের জেরে উত্তরবঙ্গের উন্নয়ন থমকে গিয়েছিল। তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর উত্তরবঙ্গ থেকে মোট ১০ জন মন্ত্রী হয়েছেন। বাজেটেই উত্তরবঙ্গের জন্য বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। আগামী দিনে এই অঞ্চলে আরও রাস্তা ও রেল প্রকল্প রূপায়ণ করা হবে। এছাড়া শিলিগুড়ির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ এলাকাকে সামনে রেখে পরিকাঠামোর পাশাপাশি নিরাপত্তার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, হাসিমারা ও বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ এবং এর জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
কলকাতামুখী দৌড় কমবে উত্তরবঙ্গবাসীর
সাধারণত উত্তরবঙ্গের মানুষজনকে বিভিন্ন বিশেষ সরকারি কাজের জন্য কোলকাতায় ছুটতে হয়, যা অত্যন্ত সময় ও ব্যয়সাপেক্ষ। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘব করতেই এবার উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কাজকর্ম শুরু হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
