উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটেও কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি, শাহী লক্ষ্যের পথে বড় পদক্ষেপ

উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটেও কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি, শাহী লক্ষ্যের পথে বড় পদক্ষেপ

উত্তরাখণ্ডের পর দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো অভিন্ন দেওয়ানি বিধি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর এই বিলটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়েছে। তবে তফসিলি উপজাতিদের এই আইনের বিধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া বিধিমালার আওতায় স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এছাড়া বিয়ে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লিভ-ইন সম্পর্কের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, সিভিল কোর্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান উত্তরাধিকার নিশ্চিত করা হয়েছে।

গত মার্চ মাসে গুজরাট বিধানসভায় এই বিলটি পাশ হয়েছিল। বিজেপির মতে, এই বিধি কার্যকর হওয়ার ফলে সামাজিক সৌহার্দ্য সুদৃঢ় হবে, লিঙ্গবৈষম্য দূর হবে এবং মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠবেন। প্রসঙ্গত, ২০২৯ সালের মধ্যে দেশের একুশটি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য অর্জনের দিকেই এক ধাপ এগিয়ে গেল গেরুয়া শিবির, যা দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *