এক টুকরো ছোলার ডালে মুখ্যমন্ত্রী শুভেন্দু! অবিশ্বাস্য শিল্পকর্মে তাক লাগালেন রানাঘাটের শিল্পী

ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ছোলার ডালের দানা, আর তাতেই নিপুণ তুলির টানে ফুটে উঠেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। রং আর তুলির জাদুতে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন নদিয়ার রানাঘাটের রামনগরের বাসিন্দা ৬৫ বছর বয়সি প্রবীণ শিল্পী মানিক দেবনাথ। প্রথাগত ক্যানভাস ছেড়ে ডালের দানার মতো ক্ষুদ্র বস্তুর ওপর এমন সূক্ষ্ম কারুকার্য দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে শিল্পবোদ্ধারা।
পরিবর্তনের আবহে অনন্য সৃষ্টি
শিল্পী জানিয়েছেন, ভোট চলাকালীনই এই বিশেষ প্রতিকৃতি তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে এবং শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী হবেন—এই আত্মবিশ্বাস থেকেই তিনি ছোলার ডালের ওপর কাজ শুরু করেন। ফলপ্রকাশের পর সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতেই তাঁর এই শিল্পকর্মটি পূর্ণতা পায়। মানিকের মতে, বাংলার রাজনৈতিক ইতিহাসের এই স্মরণীয় মুহূর্তটিকে নিজের শিল্পের মাধ্যমে ধরে রাখতেই তাঁর এই প্রয়াস। নদিয়ার বিজেপি নেতৃত্ব শিল্পীর এই অসামান্য সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছেন।
দেশ ছাড়িয়ে বিদেশেও সমাদৃত মানিক
মানিক দেবনাথের শিল্পীসত্তা অবশ্য নতুন কিছু নয়। তাঁর তৈরি একাধিক ক্ষুদ্র ভাস্কর্য ও প্রতিকৃতি ইতোমধ্যেই রাশিয়ার একটি মিউজিয়ামে স্থান পেয়েছে। এর আগে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন রাজ্যপাল ও বহু বিশিষ্ট ব্যক্তিত্বের অবয়ব ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদানের ওপর। রানাঘাটের এই শিল্পীর বাড়িতে এখন প্রতিবেশীদের পাশাপাশি উৎসুক সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে শুধুমাত্র একটি ডালের দানার ওপর ফুটিয়ে তোলা মুখ্যমন্ত্রীর ওই ‘মিনিঅ্যাচার’ দেখার জন্য।
