এক শাড়িতে বাঁধা শেষ ঠিকানা! পরকীয়ার বলি দেওর-বউদি, আমবাগান থেকে উদ্ধার জোড়া দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 4, 202611:33 am
নদিয়ার শান্তিপুরে পরিবারের অমতে সম্পর্কে জড়ানোর জেরে মর্মান্তিক পরিণতি হলো এক দেওর ও বউদির। বৃহস্পতিবার সকালে বাবলা গ্রামের একটি আমবাগান থেকে একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন বিশ বছর বয়সি দীপক সরদার ও উনিশ বছর বয়সি সুমিতা সরদার। সম্পর্কে তাঁরা দেওর ও মামাতো দাদার স্ত্রী। পরিবারের সদস্যদের তীব্র আপত্তি এবং সমাজিক চাপের মুখেও তাঁরা একে অপরের থেকে আলাদা হতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা থেকেই এই জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের এই সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক বিরোধের জেরেই এই চরম পদক্ষেপ। তবে এটি নিছকই সম্পর্কের বলি নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
