এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-র বিরুদ্ধে লুক আউট নোটিশ জারী করল সিআইডি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের খোঁজে এবার আরও মারমুখী রাজ্য পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার (Lookout Circular) জারি করল সিআইডি (CID)। দেশ ছেড়ে তিনি যাতে কোনওভাবেই পালাতে না পারেন, তার জন্য ইতিমধ্যেই দেশের সমস্ত বিমানবন্দর, স্থল ও জল বন্দরে এই নোটিশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে।
শালবনিতে জমি তছরুপের একটি মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। সেই মামলাতেই এবার নাম জড়িয়েছে সুমিত রায়ের। তদন্তকারীদের দাবি, জমি জালিয়াতির এই বড়সড় চক্রের সাথে সুমিতের সরাসরি যুক্ত থাকার অকাট্য প্রমাণ মিলেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু হিসেবে পরিচিত এই সুমিত রায়ের সন্ধানে এর আগে কালীঘাটে তাঁর বাড়িতেও জোরদার তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু তখন থেকেই বেপাত্তা তিনি। মোবাইল বন্ধ করে সুমিত গা-ঢাকা দেওয়ায় অবশেষে তাঁর বিরুদ্ধে এই বড় পদক্ষেপ নিল সিআইডি। রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের ভোটের আবহে সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডির এই লুক আউট নোটিশ শাসক দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল।
