এবার ভাঙনের মুখে দমদম পুরসভাও! একই দিনে পদত্যাগ করলেন পুরপ্রধান ও উপ-পুরপ্রধান – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের রাজনৈতিক ডামাডোলের মাঝেই এবার বড়সড় প্রশাসনিক সংকটের মুখে দমদম পুরসভা। একের পর এক পদত্যাগের ধাক্কায় কার্যত হাতছাড়া হতে চলেছে তৃণমূলের এই শক্ত ঘাঁটি। একই দিনে নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন দমদমের পুরপ্রধান হরিন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান (উপ-পুরপ্রধান) বরুণ নট্ট। মঙ্গলবার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে তাঁরা নিজেদের ইস্তফাপত্র জমা দেওয়ায় পুরবোর্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
হঠাৎ কেন এই চরম সিদ্ধান্ত? ইস্তফার কারণ হিসেবে পুরপ্রধান হরিন্দর সিং তীব্র কর্মী সংকটের বিষয়টিকেই কাঠগড়ায় তুলেছেন। তাঁর সাফ কথা, পুরসভায় পর্যাপ্ত কর্মী না থাকায় সাধারণ মানুষকে নূন্যতম নাগরিক পরিষেবা দেওয়া যাচ্ছে না। আর মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে শুধু শুধু চেয়ার আঁকড়ে থাকার কোনও মানে হয় না।
হরিন্দর সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মানুষ পুরসভায় পরিষেবার আশায় আসেন। কিন্তু কর্মী না থাকায় সেই পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কাজ করতে না পারলে শুধুমাত্র চেয়ার দখল করে রাখা ঠিক নয়।”
অবসরপ্রাপ্ত কর্মীদের ছাঁটাইয়েই বাড়ল সংকট!
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দমদম পুরসভায় নতুন কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এতদিন অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিতে রেখে কাজ চালানো হচ্ছিল। তবে নতুন সরকারের আপত্তির জেরে সম্প্রতি তাঁদেরও কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর থেকেই পুরসভার প্রশাসনিক কাজকর্ম সম্পূর্ণ ভেঙে পড়ে এবং নাগরিক পরিষেবা লাটে ওঠে।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে দমদম পুরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন হরিন্দর সিং। গত ১১-১২ বছর ধরে তিনি পুরপ্রধানের পদে রয়েছেন। বর্ষীয়ান এই নেতার দাবি, রাজনৈতিক পদের চেয়ে মানুষের পরিষেবাই তাঁর কাছে সবচেয়ে বড়। আর সেই কাজ করতে না পেরেই বাধ্য হয়ে তিনি ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেন। দুই শীর্ষ কর্তার এই আচমকা ইস্তফায় দমদম পুরসভার রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।
