নীতীশ-নাইডুকে টপকে NDA-র দ্বিতীয় বড় শক্তি NCPI! মোদী মন্ত্রিসভায় সুদীপ-শর্মিলা? তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার চূড়ান্ত সিলমোহর পড়ার আগেই দিল্লির রাজনীতিতে শুরু হয়ে গেছে চরম ওলটপালট। তৃণমূলের ২০ জন বিক্ষুব্ধ সাংসদের হাত ধরে জাতীয় রাজনীতিতে রাতারাতি উত্থান হতে চলেছে এক প্রায় অপরিচিত দল ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ বা এনসিপিআই (NCPI)-এর। দলটির সঙ্গে তৃণমূলের এই ২০ জন দলত্যাগী সাংসদের সংযুক্তিকরণ এখন স্রেফ সময়ের অপেক্ষা। আর তা সম্পূর্ণ হলেই মোদী সরকারের জোট (NDA)-এ বিজেপির পর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করবে এনসিপিআই।
এই মেগা দলবদলের পরই দিল্লির পাশাপাশি বঙ্গ রাজনীতিতেও শুরু হয়েছে চরম তোলপাড়। সূত্রের খবর, মোদী মন্ত্রিসভার আসন্ন রদবদলে বড়সড় পুরস্কার পেতে পারেন তৃণমূলত্যাগী দুই প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার।
ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?
রাজনৈতিক মহলের জোর গুঞ্জন, বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে সবচেয়ে সিনিয়র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা অত্যন্ত বিশ্বস্ত এই সেনাপতিকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েই এই শিবিরে আনা হয়েছে বলে খবর। এর পাশাপাশি, বর্ধমান পূর্বের বিক্ষুব্ধ সাংসদ শর্মিলা সরকারকেও প্রতিমন্ত্রীর (Junior Minister) পদ দেওয়া হতে পারে। তবে শর্মিলা দেবী জানিয়েছেন, তিনি এখনও সরকারিভাবে কিছু জানেন না, সবটাই সংবাদমাধ্যমে শুনছেন।
নাইডু-নীতীশকে টপকে যাবে এনসিপিআই:
বর্তমানে এনডিএ জোটে চন্দ্রবাবু নাইডুর টিডিপি-র ১৬ জন এবং নীতীশ কুমারের জেডিইউ-র ১২ জন সাংসদ রয়েছেন। এই দুই দলেরই একজন করে ক্যাবিনেট ও একজন করে প্রতিমন্ত্রী আছেন। কিন্তু ২০ জন সাংসদ নিয়ে এনসিপিআই ময়দানে নামলে তারা টিডিপি ও জেডিইউ-কে অনায়াসেই টপকে যাবে। ফলে মোদী মন্ত্রিসভায় তাদের দাবি ও গুরুত্ব যে অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য। লোকসভা সচিবালয় থেকে এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হলেও, স্পিকার ওম বিড়লা এই সংযুক্তিতে নীতিগত সম্মতি দিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সংসদে নতুন ঘরের জন্য আবেদনও জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।
তীব্র আক্রমণ কংগ্রেসের:
এদিকে রাজনাথ সিং-এর বাসভবনে অমিত শাহ ও আরএসএস নেতাদের হাইপ্রোফাইল বৈঠকের পরই এই পুরো প্রক্রিয়াকে ‘অগণতান্ত্রিক’ বলে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স (টুইটার) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, অমিত শাহের নোংরা কৌশলের জেরেই একটি অপরিচিত দল রাতারাতি নাইডু ও নীতীশের মতো অভিজ্ঞ দলকে টপকে যাচ্ছে। লোকসভায় এনডিএ-র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতেই এই বিপজ্জনক খেলা খেলা হচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব।
