“এলিট আন্টিদের সাধ্যের বাইরে!” পুরনো ট্রোল বনাম বোস্টন ডিগ্রি নিয়ে সরব বিজেপি সাংসদ কঙ্গনা – এবেলা

“এলিট আন্টিদের সাধ্যের বাইরে!” পুরনো ট্রোল বনাম বোস্টন ডিগ্রি নিয়ে সরব বিজেপি সাংসদ কঙ্গনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইংরেজি ভাষায় দক্ষতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এবার তাঁর নিশানায় ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সম্প্রতি একটি ভাইরাল রিলে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ এবং দ্বাদশ শ্রেণি পাশ কঙ্গনার ইংরেজি বলার শৈলীর তুলনা টানা হয়। সেখানে লেখা ছিল— “দ্বাদশ শ্রেণি পাস কঙ্গনা রানাওয়াত বনাম বোস্টন বিশ্ববিদ্যালয়ের সিজেপি প্রধানের ইংরেজির দৌড়। একজন আগুন, অন্যজনের রিবুট প্রয়োজন!”

নিজের তরুণ বয়সের সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা বলিউড ও তথাকথিত ‘এলিট’ সমাজকে তোপ দাগেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে ইংরেজি না পারার জন্য তাঁকে বহু ট্রোলের শিকার হতে হয়েছিল। এমনকি ‘কফি উইথ করণ’-এর মতো শো-তেও তাঁকে বিদ্রুপ করা হয়। তবে তাঁর লড়াইয়ের ফলেই আজ আর কোনও বহিরাগতকে ইংরেজি না জানার জন্য ট্রোল হতে হয় না বলে দাবি করেন সাংসদ-অভিনেত্রী। একই সঙ্গে নাম না করে সেই চ্যাট শো বন্ধ হয়ে যাওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি।

উল্লেখ্য, সিজেপি নেতাদের সঙ্গে কঙ্গনার সংঘাত নতুন নয়। এর আগে দলের মুখপাত্র সৌরভ দাস কঙ্গনার সাংসদ পদের কাজ নিয়ে প্রশ্ন তুললে কঙ্গনা তাঁকে ‘বেকার’ ও ‘অলস’ বলে পাল্টা আক্রমণ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক, প্রযোজক ও উদ্যোক্তা হিসেবে নিজের ২০ বছরের সফল ক্যারিয়ারের কথা মনে করিয়ে দেন তিনি। সম্প্রতি কঙ্গনাকে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় দেখা গেছে এবং খুব শীঘ্রই এ এল বিজয়ের পরিচালিত একটি প্যান-ইন্ডিয়া সাইকোলজিক্যাল থ্রিলারে আর মাধবনের বিপরীতে দেখা যাবে তাঁকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *