‘ওরা ভেবে থাকলে হবেই!’ শিলিগুড়ির বিতর্কিত বিরিয়ানি পোস্টার নিয়ে বোমা ফাটালেন মিঠুন – এবেলা

এবেলা ডেস্কঃ
শিলিগুড়িতে ‘হিন্দু দোকান থেকে বিরিয়ানি খাওয়া’ এবং পুজোর সামগ্রী কেনার আহ্বান জানিয়ে শহরের একাধিক দেওয়ালে সাঁটানো পোস্টার ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামক সংগঠনের লাগানো এই পোস্টারগুলির জেরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হলেও, এবার এই সংবেদনশীল ইস্যুতে প্রথমবার মুখ খুললেন বিশিষ্ট অভিনেতা তথা নেতা মিঠুন চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় একটি পুজো উদ্বোধনে যোগ দিতে গিয়ে তিনি এই বিতর্কিত পোস্টার প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানান।
শিলিগুড়ির পোস্টার সংক্রান্ত সাংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অত্যন্ত তাত্পর্যপূর্ণ মন্তব্য করে মিঠুন বলেন, যে যেভাবে ভাববে দেশ সেভাবেই চলবে, ওরা যদি ভেবে থাকে তবে সেটাই হবে। অন্যদিকে, সংগঠনের তরফে বিষয়টিকে হিন্দুদের স্বাবলম্বী করার বার্তা হিসেবে দাবি করা হলেও, এর তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। কে কী খাবেন বা কোন দোকান থেকে কিনবেন তা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বলে উল্লেখ করে তিনি অবিলম্বে পুলিশের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
