কলকাতা কাশীপুরের জ্যোতিনগর কলোনিতে পানীয় জল বন্ধ ঘিরে তীব্র চাঞ্চল্য – এবেলা

কলকাতা কাশীপুরের জ্যোতিনগর কলোনিতে পানীয় জল বন্ধ ঘিরে তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

খাস কলকাতার কাশীপুর জ্যোতিনগর কলোনিতে গত জুলাই মাসের শেষ থেকে মারাত্মক পানীয় জলের সংকট তৈরি হয়েছে। প্রায় ৮০০ মানুষের বাস এই কলোনির ৫টি কলের একটিতেও জল না আসায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিত্যপ্রয়োজনীয় পানীয় জলের জন্য তাঁদের দূর-দূরান্তে ছুটতে হচ্ছে এবং গঙ্গার জল ব্যবহার করার ফলে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, কলোনির অধিকাংশ বাসিন্দা মুসলিম বলেই চক্রান্ত করে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিকবার বোরো অফিস ও থানায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কলোনির বাসিন্দারা। তবে কলকাতা পুরসভা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে জানিয়েছে, রাস্তার ২টি কলে ফেরুল সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে জল সরবরাহ ব্যাহত হতে পারে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে।

অন্যদিকে, কলোনির জল সংকট নিয়ে রাজনৈতিক তর্জমা ও পারস্পরিক দোষারোপ চরমে পৌঁছেছে। স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি পাল্টা দাবি করেছেন যে, কলোনিতে বসবাসকারী সকলেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাঁরা ভুয়ো কাগজপত্র বানিয়ে আছেন। তিনি আরও জানান, স্থানটি কলকাতা পোর্টের অধীনস্থ এবং আদালতও পোর্ট কর্তৃপক্ষের পক্ষে এলাকা খালি করার রায় দিয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে বাসিন্দাদের কিছুটা সুরাহা দিতে সিপিআইএমের গণসংগঠন ‘পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি’ দু’দিন অন্তর পানীয় জল সরবরাহ করছে। তবুও সামগ্রিক সমস্যার কোনোস্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। পুরসভা দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকার স্বাভাবিক পানীয় জল সরবরাহ ফিরিয়ে আনবে কি না, সেদিকেই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *