কলকাতা পুরভোটে বড় পরিবর্তন! আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন বিধি অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি নির্দেশিকা জারি করে ২০৯টি ওয়ার্ডের নতুন সমীকরণ স্পষ্ট করেছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, ১২টি ওয়ার্ড তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে, যার মধ্যে চারটি নির্দিষ্ট থাকছে তফসিলি জাতির মহিলাদের জন্য। পাশাপাশি সাধারণ শ্রেণির মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে একাধিক আসন, যার ফলে আসন্ন এই পুরভোটে সব মিলিয়ে ৬৯টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। তবে তফসিলি জনজাতির জন্য কোনো আসন আলাদাভাবে নির্দিষ্ট করা হয়নি।
এই চূড়ান্ত তালিকা প্রকাশের ফলে বিভিন্ন ওয়ার্ডের আসন বিন্যাসে বড়সড় রদবদল ঘটেছে, যা রাজনৈতিক দলগুলির প্রার্থী চয়ন ও নির্বাচনী কৌশলে গভীর প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট এলাকায় কাজ করা বহু সম্ভাব্য প্রার্থীর সমীকরণ বদলে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় নেতৃত্ব। বিশেষ করে সংরক্ষিত ওয়ার্ডগুলিতে যোগ্য প্রার্থী মনোনীত করতে দলগুলির অন্দরে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, নভেম্বর মাসেই ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শুরুতেই নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য রেখে সমস্ত প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
