কলকাতা লিগ থেকে বাদ ডায়মন্ড হারবার, নেপথ্যে কি রাজ্যের পালাবদল? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই কলকাতা লিগ থেকে বাদ পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও সুজিত বসুর শ্রীভূমি। লিগে অংশগ্রহণের জন্য আইএফএ-র পাঠানো চিঠির জবাব না দেওয়ায় তাদের বাদ দিয়েই রবিবার লিগের আসর শুরু হলো। তবে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘ এবারও কলকাতা লিগে মাঠে নামছে নিশ্চিতভাবে।
আই লিগ জিতে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলেও বর্তমানে ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ অনিশ্চিত। অভিযোগ, বিধাননগরের অনুশীলনের মাঠটি তারা জোরপূর্বক দখল করেছিল। এছাড়া আর্থিক তছরুপের অভিযোগ তুলে এই ক্লাবের ভূমিকা খতিয়ে দেখার দাবি তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পালাবদলের পর এমন গুরুতর অভিযোগে বিদ্ধ ক্লাবটি শেষপর্যন্ত আইএসএল খেলতে পারবে কি না, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বাংলার ময়দানে।
