কাজে ফাঁকি দেওয়া শেষ! অন-ডিউটি পুলিশদের ওপর নজর রাখতে আসছে ‘ডিউটি মিত্র’ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20267:14 am
কলকাতা: ডিউটিতে যোগ দিতে দেরি কিংবা কাজের জায়গায় অনুপস্থিতি— পুলিশকর্মীদের একাংশের এই ফাঁকিবাজি রুখতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শহরের আইনশৃঙ্খলা ডিউটিতে মোতায়েন থাকা পুলিশকর্মীদের সঠিক উপস্থিতি এবং গতিবিধির ওপর নজরদারি চালাতে আনা হচ্ছে বিশেষ ডিজিটাল সমাধান— ‘ডিউটি মিত্র’ (Duty Mitra App)।
শহরে বড় কোনো সভা, মিছিল বা রাজনৈতিক কর্মসূচি থাকলে বিভিন্ন থানা ও ডিভিশন থেকে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়। কিন্তু অভিযোগ ওঠে, খাতায়-কলমে নাম থাকলেও নির্দিষ্ট সময়ে অনেকে ডিউটির জায়গায় পৌঁছান না, আবার অনেকে হাজিরই থাকেন না।
কীভাবে কাজ করবে এই ‘ডিউটি মিত্র’ অ্যাপ?
- লাইভ লোকেশন ও ছবি: ডিউটিতে পৌঁছেই পুলিশকর্মীদের অ্যাপে নিজের লাইভ ছবি আপলোড করতে হবে। ছবিতেই থাকবে সঠিক সময় এবং জিপিএস লোকেশন।
- ডিজিটাল তালিকা: কোন থানার কতজন পুলিশকর্মী কোথায় মোতায়েন রয়েছেন, তার ডিজিটাল তালিকা থেকবে এই অ্যাপে। থানার ওসি বা শীর্ষ কর্তারা এক ক্লিকেই পুরো নজরদারি চালাতে পারবেন।
- ফাঁকিবাজি বন্ধ: করপোরেট সংস্থার ডিজিটাল হাজিরার মতোই কাজ করবে এই ব্যবস্থা। ফলে ডিউটিতে না গিয়ে বা দেরি করে পৌঁছে হাজিরা দেখানোর সুযোগ আর থাকবে না।
বর্তমানে লালবাজারের তত্ত্বাবধানে ‘ডিউটি মিত্র’ অ্যাপটির ট্রায়াল রান বা পরীক্ষামূলক কাজ চলছে। ট্রায়াল সফল হলেই কলকাতা জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে এই নজরদারি অ্যাপ।
