কালীঘাটে জঙ্গি হামলার আশঙ্কা! বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে ক্রমবর্ধমান নিরাপত্তার ঝুঁকির কথা মাথায় রেখে কলকাতার ঐতিহাসিক কালীঘাট মন্দিরের সুরক্ষায় বেনজির পদক্ষেপ করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার জারি করা এক গুরুত্বপূর্ণ নির্দেশিকায় শুধুমাত্র এই মন্দিরের জন্য একটি পৃথক পুলিশ ফাঁড়ি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে মন্দির চত্বরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি এবং সাম্প্রতিক সময়ে একাধিক বিদেশি জঙ্গির হদিশ মেলার মতো বিষয়গুলি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজারের ইতিহাসে এই প্রথম কোনও নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় এ ধরনের স্বতন্ত্র পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হলো।
নতুন এই পুলিশ ফাঁড়িতে একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে মোট কুড়িজন দক্ষ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। যার মধ্যে সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবল এবং মহিলা কনস্টেবলরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কালীঘাট থানার আওতাধীন এই ফাঁড়িটির সামগ্রিক বিষয় তত্ত্বাবধান করবেন ডিসি সাউথ। মন্দিরের অভ্যন্তরীণ সুরক্ষা ও নাশকতা রোধের পাশাপাশি প্রতিদিনের ভিড় নিয়ন্ত্রণ এবং হাজার হাজার দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ প্রশাসনিক বন্দোবস্ত করা হয়েছে।
