‘কৃষকদের হক মারে এমন দালালদের জিরো টলারেন্স!’ হুংকার দিলেন দুধকুমার মণ্ডল – এবেলা

‘কৃষকদের হক মারে এমন দালালদের জিরো টলারেন্স!’ হুংকার দিলেন দুধকুমার মণ্ডল – এবেলা

এবেলা ডেস্কঃ

অতীতে বিভিন্ন সময়ে কৃষিক্ষেত্রে দালালরাজের দৌরাত্ম্যের অভিযোগ বহুবার সামনে এসেছে। রাজ্যের পূর্বতন সরকারের আমলে এই অবিচারের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন রাজ্যের অন্নদাতারা। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর কৃষিক্ষেত্র থেকে এই দালালরাজের অবসান ঘটিয়ে এক যুগান্তকারী বিপ্লব আনতে বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই এবার দালালচক্রের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের কৃষি ও কৃষকদের কষ্টার্জিত অর্থে কোনোভাবেই দালালরাজ বরদাস্ত করা হবে না।

সম্প্রতি কৃষি দফতরের উদ্যোগে ময়ূরেশ্বর ২ ব্লকে একটি বিশেষ কৃষি প্রদর্শনী ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই রাজ্যে কৃষির সার্বিক উন্নতির স্বার্থে ‘এগ্রিস্ট্যাক’-এর মাধ্যমে আধুনিকীকরণ এবং ড্রোন প্রযুক্তির ব্যবহারের বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি, কৃষকদের সার্বিক কল্যাণসাধন এবং মধ্যস্বত্বভোগীদের দমনে অত্যন্ত কড়া বার্তা দেন কৃষিমন্ত্রী স্বয়ং।

কৃষিমন্ত্রী স্পষ্ট করে জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বরাদ্দ সমস্ত সুযোগ-সুবিধা যেন কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি প্রকৃত কৃষকদের অ্যাকাউন্টে বা হাতে পৌঁছায়। মাঝে কোনো দালাল বা ফড়ে যাতে এই সরকারি সুবিধার ছিটেফোঁটাও আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও কৃষকদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এদিন কড়া ভাষায় কৃষিমন্ত্রী বলেন, “কৃষি ও কৃষকদের টাকায় কোনো রকম দালালরাজ বরদাস্ত করা হবে না। কোথাও যদি কোনো দালালচক্রের সন্ধান মেলে কিংবা তারা কৃষকদের পাওনা টাকা হাতিয়ে নেওয়ার কোনো অপচেষ্টা করে, তবে কৃষকরা নিজেরাই তাদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে এনে গণধোলাই দেবেন।”

তবে শুধু জনরোষ নয়, প্রশাসনও যে এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে তা মনে করিয়ে দিয়ে দুধকুমারবাবু জানান, চিহ্নিত দালালদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। তবে এই দুষ্টচক্রকে সমূলে উৎপাটন করতে কৃষকদেরও সর্বদা সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজ্যের কৃষি দফতরের দায়িত্বভার গ্রহণের পর থেকেই কৃষিক্ষেত্রে দালালরাজ চিরতরে খতম করার বার্তা দিয়ে আসছেন দুধকুমার মণ্ডল। এর আগেও তিনি একাধিকবার স্পষ্ট করেছিলেন যে, কৃষকদের স্বার্থে দালালচক্র কীভাবে নির্মূল করা যায়, সরকার সেদিকে সর্বদাই কড়া নজর রাখছে। এবার তাঁর এই জোরালো হুঙ্কার দালালদের মনে যে ভীতি তৈরি করবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *