“কোন নির্দেশিকায় বন্ধ হচ্ছে মাইক?” প্রশাসনিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে PIL – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্য জুড়ে মসজিদ থেকে লাউডস্পিকার বা মাইক সরানোর প্রশাসনিক নির্দেশিকা এবং পুলিশি তৎপরতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে। আবেদনকারী দানিশ ফারুকির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলাটি দায়ের করেন। প্রধান প্রশ্ন তোলা হয়েছে—কোনো লিখিত নির্দেশিকা বা সরকারি নোটিস ছাড়াই শুধুমাত্র ‘মৌখিক নির্দেশ’-এর ভিত্তিতে পুলিশ কীভাবে এই অভিযান চালাচ্ছে? মামলাকারীর দাবি, এই পদক্ষেপ সম্পূর্ণ অসাংবিধানিক এবং আজান সংক্রান্ত পূর্ববর্তী আইনি রায়ের পরিপন্থী।
অন্য একটি আবেদনে, এই মাইক সরানোর প্রতিবাদে আগামী ১১ আগস্ট রাজাবাজার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত প্রতিবাদ মিছিল করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আব্দুল সামাদ নামের এক ব্যক্তি।
রাজ্য সরকারের বক্তব্য: রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, এই অভিযান কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থানকে লক্ষ্য করে চালানো হচ্ছে না। ২০২০ সালের শব্দদূষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশিকা মেনেই রাজ্যের ৩৪টি পুলিশ জেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মসজিদ ও মন্দির—উভয় স্থান থেকেই নিয়মবহির্ভূত লাউডস্পিকার সরানো হচ্ছে।
আদালত এই জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছে এবং আগামী বৃহস্পতিবার এর শুনানি হতে পারে। অন্যদিকে, প্রতিবাদ মিছিল সংক্রান্ত আবেদনের শুনানি শিগগিরই হওয়ার সম্ভাবনা রয়েছে।
