ক্যানে ‘এনার্জি ড্রিঙ্ক’ লেখায় নিষেধাজ্ঞা! FSSAI-এর বিরুদ্ধে সোজা দিল্লি হাইকোর্টে রেড বুল – এবেলা

এবেলা ডেস্কঃ
‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দবন্ধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে আন্তর্জাতিক পানীয় প্রস্তুতকারক সংস্থা রেড বুল। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা FSSAI-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, কোনো ধরনের আগাম নোটিস না দিয়েই তাদের এই লেবেল ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাইয়ে FSSAI দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় পানীয় সংস্থাকে ৯০ দিনের মধ্যে উচ্চ-ক্যাফেইনযুক্ত পানীয়ের লেবেল থেকে ‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দ বা সমার্থক শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। রেড বুল ছাড়াও এই তালিকায় ছিল পেপসিকো, মনস্টার ও রিলায়েন্সের মতো বড় বড় সংস্থা।
FSSAI-এর যুক্তি, ভারতে এনার্জি ড্রিঙ্কের জন্য কোনো নির্দিষ্ট মানদণ্ড না থাকায় এই পণ্যগুলি মূলত ক্যাফেইনযুক্ত পানীয় হিসেবে নিয়ন্ত্রিত হয়। অতিরিক্ত চিনি ও ক্যাফেইনযুক্ত এসব পানীয়ের নাম দেখে স্বাস্থ্যগুণ বা অতিরিক্ত শক্তি জোগানোর ক্ষমতা নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। এই নির্দেশিকার ফলে রেড বুলের উৎপাদন ও বাজারে স্টক বজায় রাখা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট FSSAI-এর কাছে জানতে চেয়েছে যে, রেড বুলকে এই নির্দেশ দেওয়ার আগে কোনো নোটিস দেওয়া হয়েছিল কি না। আদালতে এই আইনি লড়াইয়ের পরবর্তী শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
