পুকুর শুকিয়ে চৌচির, জল ছাড়া মাটির নিচে মাসের পর মাস যেভাবে বেঁচে থাকে শিং মাছ – এবেলা

এবেলা ডেস্কঃ
চৈত্রের দাবাদাহে পুকুরের জল শুকিয়ে তলদেশ ফেটে চৌচির হয়ে গেলেও মাটির নিচে দিব্যি বেঁচে থাকে শিং মাছ। জলাশয় শুকাতে শুরু করলে এরা কাদার প্রায় এক হাত গভীরে ঢুকে ‘এস্টিভেশন’ বা গ্রীষ্মনিদ্রায় চলে যায়। এই সময় এদের হৃৎস্পন্দন ও বিপাকক্রিয়া অত্যন্ত ধীর হয়ে পড়ে এবং শরীরে আগে থেকে সঞ্চিত চর্বিই জীবন ধারণের শক্তি জোগায়। এছাড়া এদের চামড়ার ওপর থাকা বিশেষ মিউকাসের আস্তরণ শরীরের জলীয় ভাব বজায় রাখতে সাহায্য করে।
মাটির নিচে লুকিয়ে থাকা ছাড়াও শিং মাছের দেহে একটি বিশেষ নলাকার বায়ুথলি বা ‘রেসপিরেটরি স্যাক’ থাকে। এর সাহায্যে এরা জল ছাড়াই সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। ফলে জলাশয়ে অক্সিজেনের ঘাটতি হলেও এদের শ্বাসপ্রশ্বাসে কোনো ব্যাঘাত ঘটে না। এমনকি বুকের পাখনাকে কাজে লাগিয়ে এরা ডাঙায় সাপের মতো হেঁটে নতুন জলাশয়ে পাড়ি দিতেও সক্ষম। প্রকৃতির বিবর্তনে টিকে থাকার এই অবিশ্বাস্য ক্ষমতাই শিং মাছকে চরম প্রতিকূল পরিবেশের এক অনন্য বিজয়ী প্রাণীতে পরিণত করেছে।
