গণনার আগে রণক্ষেত্র নোয়াপাড়া! বিজেপি নেতাকে ‘খুনের চেষ্টা’, কাঠগড়ায় তৃণমূল

গণনার আগে রণক্ষেত্র নোয়াপাড়া! বিজেপি নেতাকে ‘খুনের চেষ্টা’, কাঠগড়ায় তৃণমূল

ভোটগণনার মাত্র কয়েক ঘণ্টা আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের চলল গুলি। ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন সিংকে খুনের চেষ্টার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা অর্জুন সিং। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুই দাগি দুষ্কৃতীর দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে নোয়াপাড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ

অর্জুন সিংয়ের দাবি, নোয়াপাড়ায় কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় আমন চৌধুরী ও আকাশ চৌধুরী নামে দুই দুষ্কৃতী। অভিযোগ, তারা কুন্দনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। অল্পের জন্য বিজেপি নেতা রক্ষা পেলেও এই হামলায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন, এই দুই দুষ্কৃতী এলাকায় দাগি অপরাধী হিসেবে পরিচিত এবং বর্তমানে তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে।

কমিশন ও রাজ্যপালকে নালিশ

ঘটনার পরেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দেন অর্জুন সিং। সেখানে তিনি ভারতের নির্বাচন কমিশন (ECI) এবং রাজ্যপালকে ট্যাগ করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অর্জুনের অভিযোগ, ৪ মে ভোটগণনার আগে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দিতে এবং তাঁদের মনে ত্রাস সৃষ্টি করতেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

উত্তেজনা ব্যারাকপুরে

গণনার আগে ব্যারাকপুরের রাজনৈতিক পরিস্থিতি বরাবরই সংবেদনশীল। তার ওপর জেলা স্তরের এক নেতার ওপর এমন হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিজেপির অভিযোগ, পুলিশ সক্রিয় না হওয়ায় দুষ্কৃতীরা বারবার এমন সাহস দেখাচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির অন্তর্কলহের ফল।

এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। তবে গণনার ঠিক আগের রাতে এই গুলিকাণ্ড ব্যারাকপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *