গাড়ি থামিয়ে ভাড়া দিতেই চরম সন্দেহ, তল্লাশিতে পুলিশের হাতে যা এল তা দেখে মাথায় হাত! – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ধমান শহরে চারচাকা গাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হলো মোট এক লক্ষ টাকার নকল বা জাল নোট। ঘটনার সূত্রে পুলিশ এক মহিলাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। আলুডাঙার বাসিন্দা শেখ লালন ও তাঁর স্ত্রী জসমিন বিবি গাড়িভাড়া করে বলগোনা গিয়েছিলেন, পথেই গাড়িতে ওঠেন টোটন শেখ নামে আরেক ব্যক্তি। সেখান থেকে ফেরার সময় গন্তব্যে পৌঁছে শেখ লালন গাড়িভাড়া হিসেবে চারটি ৫০০ টাকার নোট দেন গাড়ির মালিক আতাবুলকে। নোটগুলো পরীক্ষা করতে গিয়ে চারটিরই একই নম্বর দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেন চালক।
খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং একটি ভ্যানিটি ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের ২০০টি জাল নোট বাজেয়াপ্ত করে। জব্দ করা নোটগুলোর মধ্যে ১৬০টি নোট একই নম্বরের ছিল। ঘটনার পরই গাড়ির তিন আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। উৎসবের মরসুমে এত বিপুল অঙ্কের জাল নোট কোথা থেকে আনা হয়েছিল, কীভাবে তা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে কত বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
