গাড়ি থামিয়ে রমরমা তোলাবাজি! কড়া পদক্ষেপে সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী – এবেলা

গাড়ি থামিয়ে রমরমা তোলাবাজি! কড়া পদক্ষেপে সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

পণ্যবাহী গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়ের গুরুতর অভিযোগে শাস্তির মুখে পড়লেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট ও এক কনস্টেবল। লালবাজার সূত্রে জানা গেছে, ভাঙড়ের ঘাটকপুকুর চৌমাথায় নিয়মিত গাড়ি থেকে অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই অভিযুক্ত সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং কনস্টেবল শিবনন্দ ঠাকুরকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার আলি হাসান মোল্লাকেও ডিমোবিলাইজ করা হয়েছে।

দুর্নীতি ও বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন থেকে কঠোর বার্তার পর প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। অভিযুক্ত তিন জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত খোদ পুলিশকর্মীদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *