গান্ধী জয়ন্তীতে রণক্ষেত্র বিরাটি! বামেদের সভামঞ্চ ভাঙচুর, ছেঁড়া হল ‘বাপু’র ছবি

গান্ধী জয়ন্তীতে উত্তর ২৪ পরগনার বিরাটিতে বামেদের সভা ঘিরে তৈরি হল তীব্র উত্তেজনা। শুক্রবার সন্ধ্যায় বিরাটির বণিক মোড়ে এসএফআইয়ের সভামঞ্চে আচমকাই হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ, সভামঞ্চ ভাঙচুরের পাশাপাশি তছনছ করা হয় চেয়ার-টেবিল। এমনকি, মহাত্মা গান্ধীর একটি সুবিশাল ছবিও ছিঁড়ে ফেলা হয়। এই হামলা প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হন একাধিক বামকর্মী, যার জেরে এক কর্মীর চোখে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার নেপথ্যে সরাসরি বিজেপিকে দায়ী করেছে সিপিএম নেতৃত্ব। সুজন চক্রবর্তী ও দীপ্সিতা ধরের মতো নেতাদের উপস্থিত থাকার কথা থাকলেও হামলার জেরে সভা কার্যত ভেস্তে যায়। ক্ষোভ উগরে দিয়ে দীপ্সিতা ধর জানান, গান্ধী জয়ন্তীতে সভা করার জন্যই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার জানিয়েছেন, ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নেই এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
