সিএএ আবেদনকারীদের জন্য বড় স্বস্তি! বারাসতে নয়, এবার থেকে ব্লক অফিসেই হবে শুনানি

রাজ্য সরকারের ‘সেবা সেতু’ কর্মসূচি চলাকালীন উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লগ অফিসে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি স্পষ্টভাবে জানান, এবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর অধীনে নাগরিকত্বের আবেদনের শুনানি বা ভেরিফিকেশনের জন্য জেলা সদর বারাসতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন থেকে স্থানীয় ব্লক অফিসেই এই শুনানি সম্পন্ন করা হবে। এর ফলে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের মানুষরা বড় ধরনের প্রশাসনিক হয়রানি থেকে মুক্তি পাবেন।
এতদিন বনগাঁ, বসিরহাটসহ জেলার বিভিন্ন প্রান্তের আবেদনকারীদের শুনানির জন্য বারাসতে জেলাশাসকের দপ্তরে ছুটে যেতে হতো। দূরদূরান্ত থেকে যাতায়াত এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারায় বহু মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, যার ফলে শংসাপত্র পেতেও দীর্ঘ সময় বিলম্ব হচ্ছিল। খাদ্যমন্ত্রীর এই জনমুখী ঘোষণায় পুজোপ্রাক্কালে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উত্তর ২৪ পরগনার হাজার হাজার সিএএ আবেদনকারী। স্থানীয় স্তরেই এই জরুরি পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।
