মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী, ১০ অক্টোবর ‘দিল্লি চলো’ আন্দোলনের ডাক!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের আহ্বায়ক অভিজিৎ দীপকে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট জানান, মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা না দিলে দেশজুড়ে আন্দোলন প্রসারিত হবে এবং পুলিশ বাধা দিলে সেই স্থানই পরিণত হবে প্রতিবাদস্থলে। মহাত্মা গান্ধীর আদর্শ মেনে গণতন্ত্র রক্ষার স্বার্থে এই শান্তিপূর্ণ লড়াইয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী সমস্ত নাগরিককে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২ অক্টোবর নয়াদিল্লি ও মুম্বইয়ের শিবাজি পার্কে বিভিন্ন ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায় দলটি। আন্দোলন কেন্দ্র করে রাজধানী উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী, সিপিএমের বৃন্দা কারাট ও আপের সঞ্জয় সিং সহ প্রায় ১১০০ জনকে আটক করে। অন্যদিকে অনুমতি না থাকা সত্ত্বেও মুম্বইয়ের জমায়েতে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও বিশাল দাদলানির মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা সংহতি জানান। শুক্রবার রাতের এই নতুন বার্তার পর আগামী ১০ অক্টোবরের রাজপথের আন্দোলন নিয়ে দেশজুড়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে।
