উৎসবের মুখে চিনির বাজারে বড় ধাক্কা, ব্যবসায়ীদের জন্য অতি কড়া নিয়ম জারি করল কেন্দ্র

উৎসবের মরশুমে বাজারে চিনির জোগান স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট ও মজুতদারি রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অধিকাংশ এলাকায় চিনির ডিলাররা সর্বোচ্চ ১,০০০ কুইন্টাল চিনি মজুত রাখতে পারবেন। তবে কলকাতা, তার বর্ধিত এলাকা এবং আসামে সর্বোচ্চ ২,০০০ কুইন্টাল মজুতের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, হস্তান্তরের পর ১৫ দিনের বেশি চিনি মজুত রাখা যাবে না। পূর্বে মজুতসীমা ৪,০০০ কুইন্টাল থেকে কমিয়ে ২,০০০ কুইন্টাল করা হলেও, চাহিদার কথা মাথায় রেখে এবার তা আরও কঠোর করা হলো।
সরকারের মতে, অনাবশ্যক মজুতদারির কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে। খাদ্য ও গণবন্টন মন্ত্রকের তথ্য অনুযায়ী, আগস্টের তুলনায় খুচরো বাজারে চিনির দাম প্রায় ১৫ শতাংশ এবং মিল পর্যায়ে প্রায় ২৮ শতাংশ কমেছে। মিলের এই সুবিধা যাতে সাধারণ ক্রেতারা দ্রুত পান, সে জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাজার নিয়ন্ত্রণে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ লঙ্ঘন করে অসাধু উপায়ে কৃত্রিম সংকট বা অহেতুক মজুতদারি তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
