গোহারা হারার পর বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের! নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ নন্দীগ্রাম উপনির্বাচনের আর মাত্র একদিন বাকি। রবিবারের শেষ বেলার প্রচার ও র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের উপনির্বাচনে বিরোধীদের বুথ পাহারা দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, বুথ পাহারা দেওয়া তো বটেই, এমনকি বিরোধীরা গোহারা হেরে যাওয়ার পর তাঁদের নিরাপদে গাড়ি করে স্ত্রী ও পরিবারের কাছে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বও তাঁরাই নেবেন।
অন্যদিকে, নির্বাচনের আগে নন্দীগ্রামে ব্যাপক ধরপাকড়ের যে অভিযোগ বিরোধীরা তুলেছে, তা নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, পুলিশ কেবলমাত্র তাঁদেরকেই গ্রেপ্তার করেছে যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যাঁরা খুন বা বোমাবাজির মতো অপরাধের সঙ্গে যুক্ত এবং সময়মতো জামিন নেননি, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
